07/07/2025
হরিণাকুন্ডুর তৈলটুপি গ্রামে ভাটা মালিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, তীব্র যানজট
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের তৈলটুপি গ্রামে দুটি ভাটা মালিক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। স্থানীয় বিএনপি সমর্থিত তৃণমূল নেতাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরিফুল ও দুলাল ভাটা মালিক পক্ষের মধ্যে রোববার (৭ জুলাই) বিকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ভাটার সামনে উভয় পক্ষের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি নিয়ে অবস্থান নেয়। এই অবস্থানে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এ ঘটনায় তৈলটুপি এলাকার গুরুত্বপূর্ণ ঝাউদিয়া-হরিণাকুন্ডু সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পথচারী ও যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।