24/03/2025
দুয়া-৬ (কুরআনিক বসন্ত)
হে আল্লাহ,আপনি আল হামিদ এবং আল মাজীদ, সমস্ত প্রশংসা কেবল আপনার জন্য!
দরুদ এবং সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর।
💞হে আল্লাহ, আপনি কুরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দিন। আপনি কুরআনকে বানিয়ে দিন আমার বক্ষের জ্যোতি। হে আল্লাহ আপনি সমস্ত বরকতের উৎস! আপনি আমার জীবনে সময় গুলোতে এমন ভাবে বারাকাহ বাড়িয়ে দিন যে, আমি যেন সবসময় আমার সব কাজে একপাশে রেখে সবচেয়ে বেশি সময় কুরআনের সাথে, আপনার কালামের সাথে কাটাতে পারি।
💞হে আল্লাহ! কুরআনের প্রত্যেকটা আরবি হরফকে আপনি আমার জন্য বরকতপূর্ণভাবে সহজ করে দিন, সঠিকভাবে উচ্চারণ করার তৌফিক দান করুন। আপনি আমাকে এমন ভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন যেন সবসময় ফেরেশতারা আমার আশেপাশে আমার কুরআন তিলাওয়াত শুনে আপনার কাছে আমার নামে প্রশংসা করার জন্য ব্যস্ত হয়ে যায়।
💞হে আল্লাহ! আপনি আমাকে কুরআনের আয়াতগুলো এমন ভাবে অনুধাবনের তৌফিক দেন, ঠিক যেভাবে বুঝলে আপনি আমার উপর সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন। যেভাবে আপনি আপনার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বুঝিয়েছেন এবং আপনার মনোনিত প্রিয় বিজ্ঞ, প্রজ্ঞাবান বান্দারা কুরআনের অর্থ অনুধাবন করার ক্ষমতা রাখে। নিশ্চয়ই আপনি আল হাকিম, এবং আল আলিম।
💞হে আল্লাহ! আপনি সম্পূর্ণ কুরআন আমার অন্তরে সংরক্ষণ করার জন্য আমাকে মনোনীত করুন। আমাকে কুরআনের হাফিজা হওয়ার তৌফিক দান করুন! নিশ্চয়ই আপনি আল হাফিজ, আপনি সর্বশ্রেষ্ঠ সংরক্ষণকারী। হে আল্লাহ আপনি আমার জন্য এই পথটা বরকত পূর্ণ করে দিন, আমি যেন সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে পারি এবং কিয়ামতের ময়দানে আমি যেন শুনতে পারি যে আমাকে বলা হচ্ছে, "তোমার মুখস্ত করা আয়াতগুলো তিলাওয়াত করতে থাকো এবং জান্নাতের স্তরের উপরের দিকে উঠতে থাকো!" আমি হাফেজা হয়ে যেন নিজের চোখে কেয়ামত দিবসে আল্লাহর তরফ থেকে আমার বাবা মা কে নূরের মুকুট পরিহিতা অবস্থা দেখতে পারি ইয়া রব্ব ,ইয়া হাফিজ ,ইয়া মুজিব ইয়া ওয়ালি আমিন আমিন
💞হে আল্লাহ, আপনি আমাকে কুরআনের ভাষা রপ্ত করার তৌফিক দান করুন, নিশ্চয়ই আপনি ওয়াদা দিয়েছেন যে আপনি আন্তরিক বান্দাদের জন্য কুরআনের ভাষা বোঝা সহজ করে দিবেন! আপনি আমাকে সেই আন্তরিক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আমি যেন কুরআনের ভাষা শৈলী, আরবি ব্যাকরণ, এবং সরাসরি আরবিতে পড়েই বুঝতে পারি, ইয়া আল্লাহ আপনি আমার সাথে কি কথা বলছেন। নিশ্চয়ই আপনি আস-সামি" এবং আল বাসির, আপনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা ইয়া রাব্বাল আলামিন।
💞হে আল্লাহ! আপনি আমাকে কুরআনের পথে থাকার তৌফিক দান করুন, আপনি আমার অন্তরকে নূর দিয়ে ভরিয়ে দিন, আপনি কুরআনের শিফা আমাকে দান করুন, কুরআনের বরকত আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডে দান করুন, আপনি আমাকে সব সময় কুরআন এবং সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে রাখার তৌফিক দান করুন। কুরআনকে আমার জন্য শাফায়াতকারী হিসেবে কবুল করুন ।কেয়ামত দিবসে আমার ছায়াদানকারী হিসেবে কবুল করুন ইয়া মালিক।
নিশ্চয়ই আপনি আল মুজিব, আপনি প্রার্থনায় সাড়া দানকারী ইয়া রাব্বুল আলামিন! তাই আপনার কাছেই আমার সমস্ত আবদার!
দরুদ এবং সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 🤍💫
#রামাদান
#দুয়া
#রাইটিং_থেরাপি
©শারিন সফি অদ্রিতা আপু।🌸