21/11/2020
দুধে শক্তি না বাড়বে চর্বি?
অনেকেই মনে করেন দুধ খেলে ওজন বাড়ে। আর এই ভয়ে দুধ এবং দুগ্ধজাত সব ধরনের খাবার থেকেই দূরে থাকেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা করা মানে নিজের দেহের জন্য বিপদ ডেকে আনা।
দুধ কি শুধুই ছোটদের খাবার?
অবশ্যই না। ছোটদের হাড় গঠনে দুধ যেমন ভূমিকা রাখে, তেমনই বড়দেরও হাড়ের গাঁথুনি মজবুত রাখতে দুদ্ধজাত খাবার খাওয়া প্রয়োজন।
দুধ ক্যালসিয়ামের অনেক বড় একটি উৎস, আর ক্যালসিয়াম আমাদের দেহের জন্য কতোটা প্রয়োজনীয় তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। যখন আপনি দুধ খাওয়া বাদ দেন, তখন আপনার শরীর ক্যালসিয়াম থেকে বঞ্চিত হয়। ফলে ডায়েট হয় ঠিকই, তবে ব্যালেন্সড ডায়েট নয়।
বিশেষজ্ঞদের মতে, ক্যালসিয়ামের অভাব হয়তো আপনাকে তরুণ বয়সে পীড়া দেবে না। কিন্তু চল্লিশের পর থেকেই বুঝতে পারবেন কত ধানে কত চাল। বিশেষ করে মহিলাদের জন্য মেনোপজের পর ক্যালসিয়ামের অভাব হতে অনেক ভোগান্তির কারণ।
ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাবে শরীর আক্রান্ত হয় অস্টিওপোরোসিস নামের এক ব্যাধিতে, যা দিন দিন হাড়গুলোকে করে তোলে দুর্বল এবং ভঙ্গুর। বয়স যত বাড়ে, এই রোগের প্রকোপ ততই বেশি হয়।
দুধ এবং দুগ্ধজাতীয় খাবার যদি আপনি অনেকদিন ধরে পরিহার করে আসেন, তাহলে একটা সময়ের পর তা হজম করতে সমস্যা হতে পারে। দুধ জাতীয় খাবারে ল্যাকটোজ নামক একটি উপাদান থাকে যা হজম করার জন্য আমাদের শরীরে কাজ করে ল্যাকটেজ নামের এক ধরনের এনজাইম। বেশিদিন দুধ জাতীয় খাবার এড়িয়ে চললে এই ল্যাকটেজ এনজাইম তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তবে আপনার শরীর যদি আগে থেকেই ল্যাকটোজ সহ্য করতে না পারে তাহলে খেতে পারেন সয় মিল্ক (সয়াবিনের থেকে তৈরি দুধ) বা অ্যালমোন্ড মিল্ক (বাদামের দুধ)।
দুধ খেলে কি মোটা হয়?
মোটা হওয়ার ব্যাপারটা নির্ভর করে আপনি কী ধরনের দুগ্ধজাত খাবার খাচ্ছেন তার ওপর। চকলেট মিল্ক, বাড়তি চিনি দেয়া প্যাকেটজাত দই কিংবা চিজ যদি আপনার দৈনিক খাবারের তালিকায় থাকে, তাহলে তো মোটা হবেনই।
খাঁটি দুধ জ্বাল দিয়ে ওপরের সরটুকু ফেলে দিন, তাহলে বাড়তি ফ্যাট খাওয়ার ভয় থাকবে না। ফ্লেভার্ড দইয়ের চেয়ে সাধারণ দইয়ে চিনি থাকে কম, কাজেই সেটাই বেছে নিন। পিৎজা কিংবা পাস্তায় চিজ না হলে চলে না? মাঝে মধ্যে খান, তবে প্রতিদিন নয়। দুধ জাতীয় যেকোনো খাবারই হয় প্রোটিনে ভরপুর, যা খেলে পেট ভরা ভরা লাগে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার এক গবেষণায় দেখা গেছে, দুধ কিংবা দুধ জাতীয় খাবার ওজন বাড়াতে নয় বরং কমাতে সাহায্য করে।
শুধু দুধ জাতীয় খাবারই নয়, পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোন নির্দিষ্ট ঘরানার খাবার যদি আপনি সম্পূর্ণ পরিহার করেন তাহলে তা আপনার শরীরের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। যদি কিছু বাদ দিতেই হয়, তাহলে কোমল পানীয়, আইসক্রিমের মতো অতিরিক্ত চিনিযুক্ত খাবার বাদ দিন। আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে! See Less
Comments