26/09/2026
সৌদি আরবে বিশ্বের অন্যতম এক বিস্ময়কর সড়ক রয়েছে— এমন একটি মহাসড়ক যা টানা ২৪০ কিলোমিটার পর্যন্ত প্রায় নিখুঁতভাবে সোজা চলে গেছে।
'হাইওয়ে ১০' (Highway 10) নামের এই মহাসড়কের ২৪০ কিলোমিটারের দীর্ঘ অংশ বিস্তীর্ণ সৌদি মরুভূমির বুক চিরে পার হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সোজা রাস্তা।
রাস্তাটি হারাদ এলাকাকে 'হাইওয়ে ৯৫'-এর সাথে সংযুক্ত করেছে। রেকর্ড গড়া এই দীর্ঘ অংশে কোনো বড় ধরনের বাঁক বা উঁচু-নিচুর কোনো পরিবর্তন নেই। ফলে গাড়ি চালানোর সময় চালকদের কাছে মনে হয় যে, রাস্তাটি যেন দিগন্তের দিকে অনন্তকাল ধরে চলে গেছে। গাড়ির গতি এবং রাস্তার অবস্থার ওপর ভিত্তি করে এই পুরো অংশটি পার হতে প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে।
মরুভূমির বুক চিরে সরাসরি যাতায়াতের জন্য রাস্তাটি মূলত বাদশাহ ফাহাদের ব্যক্তিগত পথ হিসেবে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
চারপাশের বিশাল মরুভূমি এই যাত্রার অভিজ্ঞতাকে আরও বেশি মুগ্ধকর করে তোলে। সৌদি আরবের সমতল ও উন্মুক্ত ভূপ্রকৃতি কাজে লাগিয়ে প্রকৌশলীরা কীভাবে এমন একটি অবিশ্বাস্য সোজা পথ তৈরি করেছেন, এটি তারই এক অসাধারণ নিদর্শন।