30/10/2024
উত্তরবঙ্গে কাঁচা চা পাতার দাম নিয়ে চলছে চরম অনিয়ম ।
বটলিফ ফ্যাক্টরিগুলি একতরফা সিদ্ধান্ত নিয়ে পাতার দাম কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ ।
জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তীর প্রশ্ন, কাঁচা পাতার দাম যদি এভাবেই হুহু করে কমতে থাকে তাহলে এবছর উৎপাদন বন্ধ করার সময় অনেকটাই এগিয়ে দিয়ে ৩০ নভেম্বর করার যৌক্তিকতা কোথায় ? ডিসেম্বর মাসেও উৎপাদন চালু রাখা হোক। উত্তরবঙ্গ ক্ষুদ্র প্রান্তিক চা চাষি সমিতির সভাপতি রণজিৎ গঙ্গোপাধ্যায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর কথায়, বটলিফ ফ্যাক্টরিগুলি একতরফা সিদ্ধান্ত নিয়ে পাতার দাম কমিয়ে দিচ্ছে। এমনভাবে পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে চাষিদের ওই অল্প দামেই বিক্রি করা ছাড়া আর কোনও উপায় থাকছে না ।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারের মতো ক্ষুদ্র চা চাষ অধ্যুষিত জেলাগুলি মিলিয়ে প্রায় ৫০ হাজার চাষি রয়েছেন । বটলিফ ফ্যাক্টরির সংখ্যা ২৫০-র মতো। পুজোর আগে কিলো প্রতি ৩০-৩৫ টাকাতেও কাঁচা পাতা বিক্রি হয়েছে । এরপরই হঠাৎ করে পতন শুরু হয়। দর ১৪-১৫ টাকাতেও নেমে এসেছিল বলে ক্ষুদ্র চা চাষিরা জানিয়েছেন । এখন কোনও দিন ১৪ টাকা তো আবার তার পরদিন ২৪ টাকাও দাম উঠছে । এই ওঠানামার কারণ ঠিক কী সেটাও খুঁজে বের করার দাবি তাঁদের ।