03/07/2022
অনেকদিন হল আপনাদের সঙ্গে যোগাযোগ হয়নি। যদিও যোগাযোগের মাধ্যম সামাজিক, তবুও তা আত্মিক হয়ে উঠেছিল। নানা কারণে একলা ঘরের কিচেন বন্ধ রয়েছে। তাই আপনাদের সঙ্গে যোগাযোগটা আচমকা কমে গেল। এবার তাই নতুন একটা প্রয়াস শুরু করছি। আপনাদের জন্য খুঁজে খুঁজে কিছু বিশেষ রেসিপি বের করেছি। সেই পদ কিভাবে রান্না করবেন সেটাই বলবো। তবে ভিডিও নয়, লেখার আকারে। বাঙালি চিরকাল পাত পেড়ে খেতে ও খাওয়াতে ভালোবাসে। এই পদগুলি শিখে নিজেরাই রান্না করুন। কারণ খুবই পুরোনো ও প্রায় হারিয়ে যাওয়া কিছু রান্নার পদ্ধতি এবার থেকে ধারাবাহিক ভাবে বলবো। পাশে থাকবেন, পারলে মতামত দেবেন। 🙏
চিংড়ি মাছের পুরপুরি
জীবনানন্দ ও বনলতা সেন, এই দুটি নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে নাটোরের কথা। বাংলাদেশের নাটোর। এই চিংড়ি মাছের পুরপুরি সেখানকার বিখ্যাত একটি পদ। খুব সহজ ও অল্প সময়ে তৈরি করতে পারেন এটি। যদিও কালের নিয়মে এই পদ এখন হারিয়ে যেতে বসেছে। আসুন জেনে নিই কী ভাবে বানাবেন অতি সুস্বাদু ও প্রায় হারিয়ে যাওয়া চিংড়ি মাছের পুরপুরি...
উপকরণ-
চিংড়ি মাছ (২৫০ গ্রাম)
উচ্ছে বা করোলা (৪টে মাঝারি আকারের)
আলু (২টি)
পিঁয়াজ (৩টে মাঝারি আকারের)
কাঁচালঙ্কা (৪-৫টি)
সর্ষে বাটা (৩ টেবিল চামচ)
সর্ষের তেল (৩ টেবিল চামচ)
এছাড়া লবন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধোনে ও জিরে গুঁড়ো পরিমাণ মতো।
পদ্ধতি-
আগেই বলেছি অত্যন্ত সহজ এই রান্না, কিন্তু খেতে হবে দারুণ। প্রথমেই চিংড়ি মাছ বাছাই করে ধুয়ে আলাদা করে রাখুন। পাশাপাশি উচ্ছে ও আলু সরু সরু করে কেটে নিন। পিঁয়াজও কুচিয়ে রাখুন। এবার একটি কড়াই বা বড় ফ্রাই প্যানে একেক করে কেটে রাখা আলু, উচ্ছে ও পিঁয়াজ ঢেলে নিন। এরসঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে তার ওপর সর্ষে বাটা ছড়িয়ে দিন। এবার তাতে পরিমান মতো লবন, এক টেবিল চামচ করে হলুদ, ধোনে ও জিরে গুঁড়ো ছড়িয়ে দিন। এর সঙ্গে লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব শেষে সর্ষের তেল ছড়িয়ে দিন। এবার সব উপাদান ওই পত্রেই ভালো করে হাত দিয়ে মেখে ফেলুন। যাতে সব মসলা ভালো করে মিশে যায়। এবার সেই পাত্র গ্যাস বা উনুনে চাপিয়ে দিন। প্রথমে দুই কাপ মতো অল্প জল দেবেন। মাঝারি আঁচে রান্না করুন। চিংড়ি মাছ জল ছাড়বে, সেই জলেই রান্না হবে। এই সময় হালকা নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে দিন। তবে মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন যাতে সব উপাদান সিদ্ধ হয়। গ্রেভি গায়ে মাখা হয়ে এলে বুঝবেন আপনার চিংড়ি মাছের পুরপুরি হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।