14/10/2022
"............ অতি উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। তার অতি সাধারণ জীবন যাপন আমাকে বিস্মিত করতো। একদিন জিজ্ঞেস করলাম, স্যার, আপনি এতো সাধারণ জীবন বেছে নিলেন কেন? আপনি তো অনেক ক্ষমতাধর।
তিনি হেসে উত্তর দিলেন,
●আগে ক্ষমতার উত্তাপ বেশ উপভোগ করতাম। বাড়তি খাতির বেশ আনন্দ দিতো- পরিবার আত্মীয়স্বজনদের সামনে ভাব নিতে সুবিধা হতো।
●কয়েকটি অভিজাত ক্লাবের সদস্য ছিলাম। তাও চাকুরির কারণে- সাধারণত এসব ক্লাবের সদস্য হতে হলে অনেক টাকা লাগে।
●বিমানবন্দরে ভিআইপি সুযোগ নিতাম-গর্বে মাথা উঁচু করে গটগট করে র্যাম্প কারে প্লেনের গোড়ায় নামতাম। প্লেনে ভিআইপি সিটে বসতাম।
●ডাক্তারের কাছে গেলে সিরিয়াল ভেঙ্গে চেম্বারে ঢুকে যেতাম। আগেই খবর দেওয়া থাকতো- সবাই অপেক্ষা করতো কখন আমি পৌঁছাব?
●বিশাল গাড়ির ঠান্ডা হাওয়ায় বসে ভাবতাম, এই না হলে চাকুরি!
ঘটনাক্রমে একদিন অফিস শেষে বাড়ি ফেরার সময় দেখলাম আমার এক অতি ক্ষমতাবান রিটায়ার্ড বস ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন। হাতে আধময়লা একটি ফাইল। কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। হঠাৎ করে মাথায় কয়েকটি প্রশ্ন এলো-
●চাকুরির বাড়তি খাতির কদিনের জন্য?
●অভিজাত ক্লাবের মেম্বারশিপ কদিনের জন্য?
●ভিআইপি সুবিধা কদিনের জন্য?
●ডাক্তার কতদিন সিরিয়াল ভেঙ্গে আমাকে দেখবেন?
●বিশাল গাড়ির ঠান্ডা বাতাস কদিনের জন্য?
উত্তর পেয়ে গেলাম সহজেই, যতদিন চাকুরি আছে ততদিন। তারপর আমি নো বডি। তাহলে এই যে এত আরামে অভ্যস্ত হয়ে যাচ্ছি- অবসর করার পর সেগুলো না পেয়ে চরম হতাশা ও মনোকষ্টে ভুগবো। পরদিন থেকে বাড়তি খাতির নেয়া বাদ দিলাম, সব ক্লাবের মেম্বারশিপ বাদ দিলাম, ভিআইপি সুবিধা বাদ দিলাম। সিরিয়াল ভেঙ্গে ডাক্তার দেখানো বাদ দিলাম। অফিসে আসাযাওয়া ছাড়া সরকারি গাড়ি ব্যবহার বাদ দিলাম।
না, আমি কোনো মহামানবের কাজ করিনি। নিজের ভুল বুঝে অস্বাভাবিক আচরণ থেকে স্বাভাবিক আচরণে ফিরে আসলাম মাত্র।
ফলাফল?
আগে অবসর জীবনকে ভয় পেতাম- এখন মনে হয় সময়ের কিছু আগে অবসর নিয়ে নিলে খারাপ হয় না। কেমন যেন নিজেকে মুক্ত মুক্ত মনে হয়।
তার কথাগুলো আমার মনোজগতে ছোটোখাটো একটি বিস্ফোরণ ঘটালো, রিবর্তনের বিস্ফোরণ!
(সংগৃহীত, তবে সম্পাদিত)