21/08/2026
প্রিয়তম,
আজ অনেক দিন পর কলম হাতে নিয়েছি। জানি, তুমি সময় পাবে না পড়ার, কিংবা ইচ্ছেও হবে না। তবুও লিখছি –লিখছি শুধুমাত্র সেই অব্যক্ত ভালোবাসার কথা, যে ভালোবাসার কোনো মূল্য কখনো তোমার কাছে ছিল না। আমি জানি, আমি তুচ্ছ ছিলাম তোমার দৃষ্টিতে। আমি জানি, আমি ছিলাম একজন ছায়ার মতো, যার অস্তিত্ব শুধুই আলো আসলে দেখা যায়।
তুমি কী জানো, আমি কীভাবে প্রতিটি দিন কেটেছি?
সকালে ঘুম ভাঙার পর তোমার একটা মেসেজের অপেক্ষায় থাকতাম। মোবাইলের পর্দায় একবার 'Seen' দেখলেই মন বলত-"আহা, সে অন্তত পড়েছে!" কিন্তু কখনো কোনো উত্তর আসতো না। কখনো কোনো 'How are you?' জিজ্ঞেস করনি তুমি। আমি শতবার কষ্ট গিলে বলেছি -"ভালো আছি।" অথচ সত্যি বলতে, আমি ভেঙে পড়েছিলাম প্রতিদিন।তুমি ব্যস্ত ছিলে ক্যারিয়ার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, জীবনের হাজারো পরিকল্পনায়। আমি হয়তো কোথাও ছিলাম না সেই মানচিত্রে। আমার নাম হয়তো তোমার হৃদয়ের পাতায় ছিল না, কিন্তু তোমার নাম আমার প্রতিটি নিঃশ্বাসে ছিল। আমি তোমার সব ছবি জমিয়ে রেখেছি-হয়তো একদিন ভুলে গিয়েছিলে তুমি, কিন্তু আমি একটাও মুছিনি।
আমার সবচেয়ে বড় অপরাধ ছিল-আমি নিঃশব্দ ভালোবেসেছিলাম। বলিনি কখনো, চাপিয়ে দিইনি, চেয়েছিলাম তুমি নিজে বুঝে নিও। কিন্তু তুমি বুঝোনি, বুঝলেও বুঝতে চাওনি। তোমার জীবনে আমি শুধু একজন "ভালো বন্ধু", আর আমার জীবনে তুমি ছিলে সবকিছু। তুমি আমার দুনিয়া ছিলে, আর আমি ছিলাম তোমার অলস মুহূর্তের বিনোদন মাত্র।
আমার সবচেয়ে কষ্ট লাগে তখন, যখন দেখি তুমি অন্য কাউকে নিয়ে হাসছো, তার সাথে সময় কাটাও। অথচ আমি জানি, আমি চাইলে তোমার জন্য আকাশ ভেঙে নামাতে পারতাম, শুধু একবার যদি তুমি বলতে "থেকো আমার পাশে।" কিন্তু তুমি চাওনি। কখনো চাওনি। তোমার কাছে ভালোবাসা মানে কিছু পেতে চাওয়া, আমার কাছে ভালোবাসা মানে শুধু তোমায় ছায়ার মতো ভালোবেসে যাওয়া।
এখন যখন রাত গভীর হয়, আমি চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে ভাবি-"তুমি কী কখনো একটিবার হলেও আমার কথা ভাবো?" আমি জানি না এর উত্তর। হয়তো কোনো দিন তুমি এই চিঠি পড়বে, হয়তো পড়বে না। তবুও রেখে দিচ্ছি-হয়তো কোনো এক নিঃসঙ্গ দুপুরে, তোমার বুকেও হঠাৎ কিছু খোঁচা দেবে। তখন মনে পড়বে, কেউ একদিন নিঃশব্দে তোমাকে ভালোবেসেছিল।ভালো থেকো... সবসময়।
তোমার অবহেলিত ভালোবাসার মানুষ।😭🥹🥀💔💔😔