26/06/2026
আখাউড়া রেলস্টেশনে র্যাবের অভিযান: ট্রেনের ইঞ্জিন থেকে গাঁ/জার বস্তা উদ্ধার, লোকোমাস্টার আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেনে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাভর্তি একটি বস্তা উদ্ধার করেছে র্যাব-৯। এ ঘটনায় ট্রেনের চালক (লোকোমাস্টার) মো. শাহজাহান মিয়া (৫০)-কে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এ অভিযান পরিচালনা করে র্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল।
র্যাব সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কন্টেইনার (৬০৩) ট্রেনটি আখাউড়া স্টেশনে যাত্রাবিরতি করলে গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটির ইঞ্জিনে তল্লাশি চালানো হয়। এ সময় ইঞ্জিনের ভেতর থেকে ভারতীয় গাঁজাভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। পরে মাদক পাচারের অভিযোগে ট্রেনের চালক শাহজাহান মিয়াকে আটক করা হয়।
র্যাব-৯ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার নূর নবী বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বস্তাভর্তি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক চোরাকারবারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ট্রেনের চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাব মামলা হস্তান্তর করলে আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।